কারিপাতা ফোড়নে সবজি খিচুড়ি
উপকরণঃ
- পোলাওয়ের চালের খুদ ২ কাপ,
- মসুর ডাল ১ কাপ;
- আলু, ফুলকপি,
- গাজর কিউব কাট করে কাটা ও মটরশুঁটি মিলিয়ে দেড় কাপ;
- তেল আধা কাপ,
- পেঁয়াজকুচি ১ কাপ,
- আদাকুচি ১ টেবিল চামচ,
- এলাচি ৪টি,
- লবঙ্গ ২টি,
- তেজপাতা ২টি,
- দারুচিনি ২টি,
- রসুনবাটা ১ টেবিল চামচ,
- আদাবাটা ১ টেবিল চামচ,
- হলুদগুঁড়া ১ চা-চামচ,
- মরিচগুঁড়া আধা চা-চামচ,
- জিরাগুঁড়া আধা চা-চামচ,
- ধনেগুঁড়া আধা চা-চামচ,
- আস্ত জিরা ১ চা-চামচ ফোড়নের জন্য,
- কারিপাতা ফোড়নের জন্য,
- আস্ত লাল মরিচ ৩টি,
- লবণ স্বাদমতো,
- কাঁচা মরিচ ৮-১০টি,
- গরম পানি ৫ কাপ।
মসুর ডাল ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে চালনির মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা ও আস্ত মরিচের ফোড়ন ও কারিপাতা দিন। পেঁয়াজকুচি, আদাকুচি ও গরমমসলা কিছুক্ষণ ভেজে নিন। পেঁয়াজে বাদামি রং চলে এলে আদা ও রসুনবাটা, টমেটোকুচি ও সবজি দিয়ে একটু নেড়ে নিন। সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দিন। মসলা একটু পানি দিয়ে নাড়তে থাকুন। মসলায় চাল, ডাল দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে ভাজুন। ফুটন্ত গরম পানি ঢেলে দিন। বলক চলে এলে আস্ত কাঁচা মরিচ দিন। পানি টেনে এলে অল্প আঁচে ৫ মিনিটের জন্য ঢেকে দিন। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন খিচুড়ি।