নিরামিষ মাশরুম রেসিপি
উপকরণঃ
- মাশরুম – ২০০ গ্রাম
- টমেটো – ১ টি (ছোট)
- কাজুবাদাম – ১৫ টি
- আদা – ১ ইঞ্চি
- গোটা জিরে – ১/২ চা চামচ
- ধনে গুঁড়ো – ১ চা চামচ
- হলুদ গুঁড়ো – ১/২ চামচ
- কাসুরি মেথি – ১/২ চা চামচ
- কাশ্মীরি লঙ্কাগুঁড়ো – ১ চা চামচ
- টক দই – ২ চামচ
- নুন – স্বাদ অনুযায়ী
- চিনি – ১ চা চামচ
- গরম মসলা গুড়ো – ১/২ চা চামচ
- সাদা তেল – ৩ চামচ
- কাঁচালঙ্কা – ৬ টি
১। প্রথমে টমেটো, কাজুবাদাম, আদা ও তিনটি কাঁচালঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব।
২। এবারে কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোঁড়নে দিয়ে দেব। তারপরে দেবো আগে থেকে তৈরি করা মসলার পেস্ট।
৩। মসলার মিশ্রণটি ভালো করে নাড়াচাড়া করে নেব আঁচ কমিয়ে যাতে কাঁচা গন্ধ না থাকে। মসলা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেবো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও কাসুরি মেথি। এবারে সামান্য জল দিয়ে সব মসলা ভালো করে কষিয়ে নেব।
৪। মসলা থেকে তেল ছাড়তে থাকলে দিয়ে দেব ফেটানো টক দই, নুন, চিনি ও চেরা কাঁচা লঙ্কা। এবার পুরো মসলার মিশ্রণ আবারো কষিয়ে নেব ঢাকা দিয়ে ।
৫। মসলা কষানোর পর কেটে রাখা মাশরুমগুলো দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট রান্না হতে দেবো।
৬। তারপরে ঢাকা খুলে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে আবারো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব।
৭। ৫ মিনিট পর দেখব মাশরুম ভালো মতন রান্না হয়ে গেছে। আর গ্রেভিটাও বেশ ভালো শুকিয়ে এসেছে।
৮। এবারে গরম মসলাগুলো ছড়িয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো। তারপরে পরিবেশন করব এই নিরামিষ মসলা মাশরুম।
মনে রাখবেনঃ
🔶 টক দই সব সময় নুন দিয়ে ফেটিয়ে তারপরে রান্নাতে ব্যবহার করবেন।
🔶 আপনারা চাইলে মাশরুম আগে থেকে ভেজে নিয়েও রান্না করতে পারেন।
🔶 মাশরুম পরিষ্কার করার সময় বেশি সময় জলে ভিজিয়ে রাখবেন না এতে মাশরুমে জল ঢুকে যাই এর ফলে খেতে ভালো লাগবে না।